ফার্স্ট লুক বনলতা এক্সপ্রেস – First Look Bonolota Express | Chanchal C | Mosharraf K

First Look Bonolota Express | Mosharraf K

রাতের পথে ছুটছে এক্সপ্রেস, যাত্রীদের অগণিত মজার গল্প নিয়ে। শেষমেশ ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে প্রকাশ পেয়েছে বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের ফার্স্ট লুক ভিডিও। এই ভিডিওতে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধনসহ প্রায় সব অভিনেতারই ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। আজ আমরা প্রত্যেকের চরিত্র এবং লুক কেমন ছিল, তা নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই দেখে নেওয়া যাক হইচই স্টুডিওসে প্রকাশ পাওয়া ভিডিওটি।

কেমন ছিল বনলতার ফার্স্ট লুক

চঞ্চল চৌধুরী

ভিডিওতে চঞ্চল চৌধুরীকে হাস্যোজ্জ্বল দেখা যায়। ট্রেন থেকে নেমে কারও দিকে আড়চোখে তাকাচ্ছেন এবং মিটিমিটি হাসছেন। ভাবখানা এমন, যেন অনেক দিন পরে মনের বিশেষ কোনো মানুষের দেখা পেয়েছেন। ভিডিওর একাধিক জায়গায় তাকে দেখা গেছে। কখনো সঙ্গীদের সঙ্গে নাচছেন, আবার কখনো অন্যদের ওপর রাগ দেখাচ্ছেন।

Bonolota Express Movie Cast Chanchal Chowdhury
চঞ্চল চৌধুরী
চরিত্র: আবুল খায়ের খান ওরফে মিস্টার এ. কে. কে

মোশাররফ করিম

প্রথম দেখায় সহজে বোঝা সম্ভব হবে না, ইনিই আমাদের চিরচেনা মোশাররফ করিম। মাথার চুলের অর্ধেকের বেশি সাদা হয়ে গেছে। খোঁচাখোঁচা গোঁফ আর দাড়ি, হাতে একখানা মদের গ্লাস, আর পরনে রয়েছে লুঙ্গি। তবে তিনি খুব জ্ঞানীদের মতো কথা বলেন এবং সবসময় মদের নেশায় ডুবে থাকেন। তার পাশের সিটে বসা ব্যক্তি এ কারণে বেশ বিরক্ত হন, তবে মুখে কিছু বলেন না।

Bonolota Express Movie Cast Mosharraf Karim
মোশাররফ করিম
চরিত্র: রশীদ উদ্দিন

আজমেরী হক বাঁধন

জমকালো পোশাক আর গহনায় বেশ অভিজাত্যের প্রকাশ ঘটেছে আজমেরী হক বাঁধনের লুকে। তাকে অধিকাংশ সময় চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা গেছে ভিডিওতে। কখনো নাচের অনুষ্ঠানে, আবার কখনো আড্ডায় মেতে থাকা আবুল খায়েরকে সম্ভবত তিনি চাপের মধ্যে রাখবেন—এমনটাই ভিডিওর লুকে প্রকাশ পেয়েছে। বাকিটা জানা যাবে সিনেমা হলে।

Bonolota Express Movie Cast Azmeri Haque Badhon
আজমেরী হক বাঁধন
চরিত্র: সুরমা

শরীফুল রাজ

চিত্রা নামের একটি মেয়ের জন্য নিজের সিট ছেড়ে দিয়ে তিনি রশীদ উদ্দিন, অর্থাৎ আমাদের মোশাররফ করিমের পাশে বসেছেন। পেশায় ডাক্তার এবং পোশাক-পরিচ্ছদও বেশ পরিপাটি। তিনি তাস খেলায় বেশ পটু, তাই সুযোগ পেলেই পাশের মানুষকে খেলার নিয়ম শেখাতে ব্যস্ত হয়ে ওঠেন।

Bonolota Express Movie Cast Sariful Razz
শরীফুল রাজ
চরিত্র: ড. আশহাব

সাবিলা নূর

সাবিলা নূর সিনেমাটিতে চিত্রা নামে দেখা দিয়েছেন। তার বসার সিট ছিল রশীদ উদ্দিনের পাশে। কিন্তু সবসময় মদের নেশায় ডুবে থাকা এবং লুঙ্গি পরা এই লোকটির পাশে বসতে তার ঘোর আপত্তি। তাই ড. আশহাব এগিয়ে আসেন চিত্রাকে সাহায্য করতে। পাশের ছবিটিতে দেখা যাচ্ছে, চিত্রা সুন্দর শাড়ি পরিহিত, আর মাথার চুলগুলো কোঁকড়ানো।

Bonolota Express Movie Cast Sabila Nur
সাবিলা নূর
চরিত্র: চিত্রা

জাকিয়া বারী মম

জাকিয়া বারী মমকে বেশ চিন্তিত দেখা গেছে। চেহারায় কান্নাকান্না ভাব রয়েছে। তার কানে ও গলায় স্বর্ণের অলংকার এবং পরনে জামদানি শাড়ি দেখে বোঝা যায়, তিনি উচ্চবংশের মেয়ে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই ট্রেনযাত্রা করছেন।

Bonolota Express Movie Cast Zakia Bari Mamo
জাকিয়া বারী মম
চরিত্র: আফিয়া

ইন্তেখাব দিনার

ইন্তেখাব দিনারকে দেখা গেছে গ্রামাঞ্চলের মাতব্বরের স্টাইলে। পরনে সাদা পাঞ্জাবি এবং শরীরে জড়ানো দামি চাদর। হাতের আঙুল উঁচিয়ে কাউকে তিনি বিশেষ কিছু কথা বলছেন। তবে তিনি যা-ই বলুন না কেন, বড় চাচা হিসেবে সবাই তার কথা গুরুত্ব দিয়েই শুনছেন।

Bonolota Express Movie Cast Intekhab Dinar
ইন্তেখাব দিনার
চরিত্র: বড় চাচা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *